অনলাইনে মেয়েদের ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখাবে টি-স্পোর্টস, র্যাবিটহোল বিডি ও আইস্ক্রিন
আগামী ২০ জুলাই পর্দা উঠছে মেয়েদের ফুটবল বিশ্বকাপের নবম আসর। ৩২ দলের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মাসব্যাপী টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
আইস্ক্রিনের পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভি সব খেলা সরাসরি দেখাবে। অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টস অ্যাপ ও র্যাবিটহোল বিডিতেও দেখা যাবে সব ম্যাচ। আর দুই সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
সোমবার রাতে রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর মিডিয়া রাইটস ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উপস্থিতিতে ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের সংবর্ধিত করার পর অনুষ্ঠানে জানানো হয়, আসছে মহিলা ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করেন মাত্রা'র ম্যানেজিং পার্টনার অভিনেতা আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

সবগুলো খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় ইমপ্রেস মাত্রাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'ইমপ্রেস মাত্রা' এর উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন আফজাল হোসেন ও শাইখ সিরাজ।
এছাড়াও বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীন এর প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





